প্রবন্ধ
পূজা সম্পর্কে আমার একান্ত ও নিজস্ব উপলব্ধি
Shyamal Samanta-: পূজা সম্পর্কে আমার একান্ত ও নিজস্ব উপলব্ধি :- (ধারাবাহিক ) (লেখায় - শ্যামল সামন্ত ) ( পর্ব - ১ ) পূজা হিন্দু ধর্মের একটি বিশেষ সংস্কার । পূজার মূল উদ্দেশ্য হোল ঈশ্বরের কাছে প্রার্থনা করা । আমরা বেশীর ভাগ লোকই মন্দিরে গিয়ে বিশেষ বিশেষ মূর্তীর পূজা করি নেহাতই সংস্কার বশে । কেউ কেউ পূজা করি আমাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, আবার কেউ কেউ পূজা করি একটা ভয় থেকে । সত্যিকারের পূজা সেটাই, যখন আমরা পূজা করি ঈশ্বরকে ভালোবেসে, তাঁকে প্রেম নিবেদন করার জন্য । এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল যেটা উল্লেখ করাটা খুবই প্রাসঙ্গিক । একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিলেন, ” আমার কাছে সবাই আসে কিছু না কিছু কামনা বাসনা নিয়ে, তুই কেন আসিস ? ” উত্তরে বিবেকানন্দ বলেছিলেন, " ঠাকুর, আমি আসি তোমাকে ভালোবাসি বলে । ” তাই পূজা তখনই সার্থক হয় যখন আমরা কামনা বাসনা ত্যাগ করে সত্যিকারে ঈশ্বরকে প্রেম নিবেদন করে তাঁর সঙ্গে একাত্ম হতে পারি । প্রকৃত অর্থে পূজা হোল ঈশ্বরের কাছে যাওয়ার বা ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার একটা পথ । আমরা যারা ঈশ্বরের অসীমত্বকে ধ্যানের মাধ্যমে ধারণ করতে পারিনা, তখন তাঁকে মূর্তি রুপে স্থাপন করে পূজার মাধ্যমে আমাদের মনে ধারণ করতে চেষ্টা করি , এবং একটু একটু করে অগ্রসর হতে থাকি । তারপর যখন আমরা বুঝতে পারি ঈশ্বর সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত বস্তুর মধ্যে বিদ্যমান, অখিল ব্রহ্মাণ্ড তাঁর প্রকাশ - তখন আমরা উপলব্ধি করতে পারি, সর্ব জীবের সেবা করাই পূজা, সর্ব জীবে প্রেম করাই পূজা এবং সমস্ত ধরণের কর্মই পূজা । ( ক্রমশঃ)