মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

প্রবন্ধ

রবীন্দ্রকাব্যে আধ্যাত্মিকতা পর্ব ১

Shyamal Samanta

রবীন্দ্র-অনুরাগী হিসাবে, ওনার গানের, কবিতার, ছোট গল্প ও উপন্যাসের মাধ্যমে কবিগুরুকে যতটুকু অনুভব করতে পেরেছি তারই বহিপ্রকাশ হিসাবে ও কবিগুরুকে প্রণাম জানিয়ে আমার এই লেখা | -: রবীন্দ্র কাব্যে আধ্যাত্মিকতা :- ( লেখায় - শ্যামল সামন্ত ) রবীন্দ্র সাহিত্যে ধর্ম-দর্শনের প্রভাব তথা আধ্যাত্মিকতার গভীরতাকে পরিমাপ করার ব্যাপারে বড় বড় দার্শনিকরাও নিজেদের সীমিত ক্ষমতার কথা ব্যক্ত করিতে কুন্ঠা প্রকাশ করেননি, তথাপি আমি এই বিষয়ে লিখতে আগ্রহ প্রকাশ করছি এই কারণে - যদি এই অনুশীলনের মাধ্যমে আমি সেই গভিরতাকে কিছুমাত্র উপলব্ধ করিতে পারি | আমরা সাধারণ মানুষেরা যারা অর্থ উপার্জনে এবং পরিবার প্রতিপালনেই সমস্ত শক্তি এবং সময় ব্যয় করি, অদৃশ্য এবং শাশ্বত বস্তুতে দৃষ্টি দেবার যাদের সময় থাকে না, কেবলমাত্র বস্তু সংগ্রহের প্রচেষ্টাতেই সন্তুষ্ট থাকি | কিন্তু কখনও কখনও এমন ঘটে, যখন পল্লবগ্রাহী মনের আত্ম সন্তোষে আঘাত লাগে, অর্থাৎ সৌন্দর্য সৃষ্টির ও আনন্দদানের অনুরোধে বস্তুজগৎ যখন প্রয়োজনীয় সাড়া দিতে পারে না, ইন্দ্রিয় তখন কল্পনার আশ্রয় বা আনুকুল্য চায় | জীবন যাপনের ধারাবাহিকতায় মৃত্যুর দুঃখ, বিশ্বাসের প্রতারণা, প্রেমের বিশ্বাসঘাতকতা যখন আমাদের মনে অনিশ্চয়তার অনুভূতিকে জাগিয়ে দেয়, তখনই আমাদের কল্পনায় জেগে ওঠে স্বর্গের অনন্ত পুরুষের স্পর্শ পাবার আকাঙ্খা , মনে সৃষ্টি হয় বহিপ্রকাশহীন অনন্ত প্রেম। নির্জনতাই এই প্রেমের অনুকূল পরিবেশ | এই অনন্ত প্রেমের নীরব বহিপ্রকাশ হিসাবেই সৃষ্টি হয় কবির কাব্য, যোগীর ধ্যান-গম্ভীর মূর্ত্তী | সুতরাং কবির কাব্যে যে দার্শনিকতার গন্ধ থাকবেই, সেটা কারো অজানা নয় | বিভিন্ন কবির কাব্যে দার্শনিকতার গভীরতাও বিভিন্ন | কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই সেখানে অসীমকে সসীমের মধ্যে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ অপ্রকাশিত বাস্তবকে কল্পনার দ্বারা বাস্তবে পরিণত করা হয়েছে | রবীন্দ্র কাব্যের বৈশিষ্ট হোল, তিনি এই দৃশ্য জগতের মধ্য দিয়ে অদৃশ্য জগতের আভাস দেবার চেষ্টা করেছেন, অসীমকে সীমার মধ্যে বাঁধতে চেয়েছেন, নিত্যের আলোতে অনিত্যকে প্রকাশ করেছেন | রবীন্দ্রনাথ তার কাব্যের মধ্যে দুটি পরস্পর আপাতবিরোধী সত্যকে এমনভাবে পাশাপাশি সাজিয়ে রেখেছেন, তা থেকে প্রকৃত সত্যকে গ্রহন করা খুবই তর্ক সাপেক্ষ ও উপলব্ধি সাপেক্ষ | আমি ওনার কিছু কবিতার কিছু কিছু অংশের মধ্য দিয়ে ঐ পরস্পর আপাতবিরোধী সত্য গুলোকে তুলে ধরতে চেষ্টা করবো | Continued

Facebook-এ প্রকাশ · ১১ মার্চ, ২০২২2022-03-11