প্রবন্ধ
আমার জীবনে ঈশ্বর-অনুভুতি
Shyamal Samanta-: আমার জীবনে ঈশ্বর-অনুভুতি :- ( কলমে - শ্যামল সামন্ত ) ঈশ্বর আছে কি নেই এ নিয়ে প্রাচীন কাল থেকেই একটা সমালোচনা এবং তা নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছে বেদ, উপনিষদ, পূরাণ, গীতা ইত্যাদি ইত্যাদি, তথাপি মানুষের মন থেকে সংশয় দূরিভূত হোল না । আমরা সাধারণ মানুষেরা বেদ বা উপনিষদের উপর আলোকপাত না করে, বিশ্বাস করে নিই ঈশ্বর আছেন এবং কিছু ধর্মীয় অনুশাসন ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেই ঈশ্বরের পূজা-অর্চনা করি । সুতরাং ঈশ্বরের অস্তিত্বকে আমরা দুই ভাবে গ্রহণ করতে পারি, এক সম্পুর্ণ বিশ্বাসের দ্বারা, দুই অনুভব বা অনুভূতির দ্বারা । এ ছাড়াও কিছু লোক আছেন যারা কোন কারণেই ঈশ্বর বিশ্বাস করেনা - তারা নাস্তিক । আমার জীবনে আমি কিভাবে ঈশ্বরকে অনুভব করতে শিখেছি, তার জন্যই আমার এই লেখা শুরু করছি । বাঙ্গালী ঘরে এমন কোনও বাড়ী নেই, যে ঘরে কোন দেব-দেবীর মুর্ত্তী নেই । আমাদের ঘরে সিংহাসনে মা লক্ষ্মীর মূর্ত্তী ছিল । প্রতি বৃহস্পতিবার কুল-পুরোহিত এসে পূজো করে দিয়ে যেত, মা প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা-প্রদীপ দিতে ঠাকুরঘরে যেত । কোনও কোনও দিন আমাকে সঙ্গে করে নিয়ে যেত, বলতো ঠাকুরকে প্রণাম কর । প্রণাম করলে কি হয়, মা কে জিজ্ঞাসা করতাম । মা বলতো - ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুরের কাছেই সবকিছু চাইতে হয়, ঠাকুরই সবকিছুর মালিক । আমি প্রণাম করার সময় বলেছিলাম, কি চাইবো মা । মা বলেছিল, বল - ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, আমাকে ভালো ছেলে করে দাও । তখন আমার কতো বৎসর বয়স হবে ঠিক মনে নেই , তবে দুই কি তিন বৎসর হবে । সেই প্রথম আমি মা লক্ষ্মীকে প্রণাম করে বলেছিলাম, মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমাকে জ্ঞান দাও, তবে ভালোছেলে হবার কথাটা আর চাওয়া হয়নি । যদিও আমি তখন জানতাম না বিদ্যা কি, বুদ্ধি কি এবং জ্ঞানই বা কি ? তথাপি সেই থেকেই কখনও মা এর সাথে বা অন্য কারো সাথে কোন মন্দিরে গেলে আমি ঠাকুর বা ভগবানের কাছে মাএর শেখানো মতো সবসময় বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানই চাইতাম । সেই অভ্যাস আমার এখনও থেকে গেছে । সন্ধ্যাবেলা প্রতি বৃহস্পতিবার মাএর কোলে বসে পয়ার ও ত্রিপদী ছন্দে লক্ষ্মী-চরিত্র পাঠ শুনতাম, পরে একটু বড় হলে মাএর কাছে বসে রামায়ন, মহাভারত পাঠও শুনেছি । পরে বড় হয়ে TV সিরিয়ালে রামায়ন, মহাভারত দেখে মনে হয়েছে, আরে এসব ঘটনাতো আমার জানা, সবকিছু মনে পড়ে যাচ্ছে । যাক এসব কথা । মাএর কোলে বসেই আমার বর্ণ-পরিচয়, ইংরাজির Alphabet শিক্ষা । Primary School এর শিক্ষা আমার মাএর কোলে বসেই হয়েছে । ( ক্রমশঃ )